প্রকাশের তারিখঃ Mar 2, 2026 ইং
মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে ১৩%
ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে ব্যাপক উল্লম্ফন ঘটেছে। গত তিন দিনে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম বেড়েছে ১৩ শতাংশ। এর মধ্যে ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর ইরান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ায় সরবরাহ সংকটের আশঙ্কা আরও তীব্র হয়েছে।
এএফপি-র প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) থেকেই তেলের বাজার চড়তে শুরু করে। ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি ৭২ ডলার থেকে বেড়ে ৮২ ডলারে পৌঁছেছে এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ৭০ ডলার ছাড়িয়েছে। বাজার পর্যবেক্ষক সংস্থা ‘রাইস্টাড এনার্জি’ সতর্ক করেছে যে, বিশ্বের ২০ শতাংশ জ্বালানি সরবরাহকারী রুট হরমুজ প্রণালী বন্ধ থাকলে দৈনিক ৮০ লাখ থেকে ১ কোটি ব্যারেল তেলের সরবরাহ কমে যেতে পারে।
জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধের ভয়াবহতা বাড়লে এবং বিকল্প রুটগুলো কার্যকর না হলে ভবিষ্যতে তেলের দাম আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এই মূল্যবৃদ্ধির ফলে বিশ্বজুড়ে পরিবহন ও উৎপাদন ব্যয়ের ওপর বড় ধরণের নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা দেখা দিয়েছে।
Copyright © 2026 All rights reserved.